ডা: শফিকুর রহমানের সাথে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ডাকসু নেতৃবৃন্দ বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন নয়া দিগন্ত

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস। গতকাল শুক্রবার ডা: শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সফলভাবে ও জবাবদিহিতার সাথে ডাকসুর মেয়াদ সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতাদের অভিনন্দন জানান ডা: শফিকুর রহমান। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কাছে খোঁজখবর নেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধা প্রদানের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। পাশাপাশি ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ ঘটনায়ও তিনি উদ্বেগ জানান।
সাক্ষাতে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার জন্য ডাকসু নেতাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ডা: শফিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরো সক্রিয় থাকার জন্য ডাকসু নেতাদের পরামর্শ দেন। পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই বিপ্লবের আকাক্সক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের  কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো মৌলিক সঙ্কট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডা: শফিকুর রহমান।