টেলিগ্রামে ভুয়া চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে হাতিয়ার বানিয়ে চাকরি দেয়া ও দ্রুত মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের সর্বস্ব হাতিয়ে নেয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: ছুফি উল্লাহ জানান, প্রতারণার শিকার একজনের মামলার সূত্রে সিআইডির একটি অভিযানকারী দল গত ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: জুলহাস উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অপর সদস্য প্রহড়কে গ্রেফতার করা হয়।
সিআইডির তদন্ত সূত্রে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে তাদের ফাঁদে ফেলত। প্রতারক চক্রের মিষ্টি কথায় ভুক্তভোগী বাদি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক দফায় মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাঠান। টাকা পাওয়ার পর প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দিলে সর্বস্ব হারিয়ে পুলিশ ও সিআইডির দ্বারস্থ হন ওই ভুক্তভোগী। এ পর্যন্ত এই চক্রটির মোট ১২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে । 
২৫ হাজার টাকার জন্য ব্যবসায়ী খুন : পাবনার পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে এ হত্যাকাণ্ডের মূল হোতা ও নিষিদ্ধ ‘সর্বহারা গ্রুপের’ নেতা মোহাম্মদ রেজাউল  করিম প্রামাণিক ওরফে বাঘাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঘা স্বীকার করেছেন, মাত্র ২৫ হাজার টাকার লোভে চারজন মিলে পরিকল্পনা করে তারা এই পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা করেন। গ্রেফতারের পর তাকে পাবনার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তেজগাঁও কলেজ থেকে ২৩ জন আটক : রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ মসজিদ থেকে গোপন বৈঠকের সময় উগ্রবাদী সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজধানীতে গ্রেফতার ৫৬৪ : ডিএমপির মিডিয়া উপকমিশনার আকতার হোসেন জানান, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।