যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় বিক্রি ৫০ হাজার টাকায়
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে বিক্রির জন্য আনা বাঘাইড় মাছ নয়া দিগন্ত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছে মাছ ব্যবসায়ী মো: আবদুল হালিম। গতকাল শুক্রবার সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাট বাজারে বিক্রি করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে তার সহযোগীদের নিয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তাদের জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। মাছটি তারা শুক্রবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আবদুল হালিম মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। পরে এলাকার লোকজন সেই মাছটি ৫০ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেয়। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।
মাছ বিক্রেতা বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করাই আমার পেশা। এত বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এত বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি। মাছ ব্যবসায়ী আবদুল হালিম জানান, কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে এলে আমি কিনে নেই। পরে এলাকার লোকজন  ৫০ হাজার টাকা দিয়ে কিনে ভাগাভাগি করে নেয়। গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সভাপতি বাবলু হালদার বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। এই ৩৩ কেজি ওজনের মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।