সরকার খাদ্য ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে : ড. হামিদ আযাদ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীর মগবাজার এলাকায় ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতারা প্রচারণা চালান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মানুষের আয় বাড়েনি; কিন্তু খরচ কয়েকগুণ বেড়েছে। শিল্পকারখানা গ্যাস সঙ্কটে বন্ধ হওয়ার পথে, সার সঙ্কটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের জানমালের নিরাপত্তাও বিঘিœত হচ্ছে। তার দাবি, সরকার জনগণের খাদ্য ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজার চৌরাস্তায় ঢাকা-রংপুর লংমার্চ উপলে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের আগে সমবেত জনতার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলটির ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানার উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বিজিএমইএ নেতাদের বরাত দিয়ে বলেন, গার্মেন্টস শিল্পের ৭৮ শতাংশ অর্ডার নিম্নমুখী। গ্যাস সঙ্কটের কারণে শিল্পকারখানা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।
তেলের সঙ্কটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় পেট্রল-ডিজেল নিয়ে সঙ্কট দেখা দিয়েছিল। তার দাবি, বিএনপি নেতারা তখন গোয়ালঘরেও তেল মজুদ করেছিলেন এবং সিন্ডিকেট  করে উচ্চ দামে বিক্রির চেষ্টা করেছিলেন। সংসদে এ বিষয়ে দাবি জানানোর পর কমিটি গঠন করা হয়েছিল এবং তখনই পরিস্থিতির পরিবর্তন হয় বলে তিনি উল্লেখ করেন।
কৃষি ও খাদ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সার সঙ্কটের কারণে কৃষক উৎপাদন করতে না পারলে খাদ্য আসবে কোথা থেকে? কৃষক সার না পেলে ধান উৎপাদন হবে না এবং চাল পাওয়া যাবে না। এর ফলে অচিরেই দেশে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। দেশে সাতটি সার কারখানার মধ্যে ছয়টি বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে হামিদ আযাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। প্রতিটি পণ্য বাজার থেকে কয়েকগুণ বেশি দামে কিনতে হচ্ছে। এক দিকে জনগণের দুর্দশা, অন্য দিকে আয় না বাড়লেও খরচ তিন গুণ বেড়েছে। জনগণকে এ অবস্থা থেকে মুক্তি দিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে সিন্ডিকেট বন্ধ করা হলে দ্রব্যমূল্য স্বাভাবিক অবস্থায় আসবে বলে তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের; কিন্তু সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভয়াবহ অবস্থায়। খাদ্যের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা দেয়ার েেত্র সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সারা দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, আগের সরকারের সময় চাঁদাবাজি ছিল, এখনো হকারদের কাছে গেলে তারা বলে ‘চাঁদা তো বেড়ে গেছে’। শুধু লোকের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগরীর সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান সরকার, হাতিরঝিল অঞ্চল টিম সদস্য মো: ইউছুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান আযামী, হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার মো: রুহুল আমিন এবং হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।