শেখ হাসিনাকে নিয়ে অডিও রেকর্ড : বিমানবন্দর থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষর করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তবে অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার দাবি- অডিওটি তার নয়। তাকে ফাঁসাতে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় তৈরি করেছে।
সম্প্রতি ছড়িয়েপড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার আন্দোলনে মতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ তিনি আরো বলেন, ‘রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপো না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ ‘পুলিশ কিছুই করতে পারবে না’।
গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
এদিকে এক ফেসবুক পোস্টে ওসি রাকিবুল নিজেকে নির্দোষ দাবি করে লেখেন ‘ভাইরাল অডিওটি অ্যাডভান্স এআই দিয়ে তৈরি। তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে, এই অডিও না শুনলে বুঝাই যাবে না। তিনি আরো লেখেন, গণমাধ্যমের প্রতি অনুরোধ-যাচাই বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মান-সম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার। অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিওনি। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।