
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জের তাহিরপুর, নেত্রকোনার খালিয়াজুরি ও ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
কুষ্টিয়ায় দুজনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা মাঠ ও দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দহকোলা মাঠে ধানের জমিতে সার দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রওশন আলী (৫০)। এ সময় আরো দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। তিনি দহকোলা এলাকার মৃত মোসলেমের ছেলে। অন্য দিকে, দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিলের ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যান কৃষক আরোজ আলী (২৮)। এ দিকে একই সময়ে সদর উপজেলার খাজানগর এলাকায় হাসান রাইস মিল বজ্রপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
তাহিরপুরে যুবকের মৃত্যু
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের তাহিরপুরে মাাটিয়ান হাওরে বজ্রপাতে মো: শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে বালুবাহী নৌকা নিয়ে উপজেলার টেকেরঘাট এলাকার উদ্দেশ্যে রওনা হন শিপুমিয়া। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল ৮টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেত্রকোনায় কৃষকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার দীপ হাওর খালিয়াজুরিতে বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬) নামে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির মধ্যে হাঁস নিয়ে শফিকুল পাওকাটা হাওরে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছেন।
গফরগাঁওয়ে কৃষি শ্রমিকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে ইসমাইল হোসেন মনা (৪৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তিনি ধানেেত ঘাস বাছাই করছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে যশরা ইউনিয়নের পাথরকাটা গ্রামে কৃষি মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত রুকুন উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন মনা দুপুরের দিকে একটি ধান েেত অন্য শ্রমিকদের সাথে ঘাস বাছাই করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ইসমাইল হোসেন মনা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দু’জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।







