
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নাটোরের লালপুরে এক মাদরাসা ছাত্রসহ দেশের চার জেলায় চারজন নিহত হয়েছেন।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানায়, কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত হয়েছে সিএনজির যাত্রী রাশিদুল ইসলাম (৫০)। মুখোমুখি একটি মোটরসাইকেল সোজোরে ধাক্কা দিলে সিএনজি থেকে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভেড়ামারার ১২ মাইল গোল চত্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। সে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নতুন আমদহ গ্রামের ছোয়াদ আলী মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদশী সূত্র জানায়, ট্রাকটি লালনশাহ ব্রিজের দিক থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে অপর দিকে ভেড়ামারা থেকে সিএনজি এসে কুষ্টিয়ার রাস্তায় উঠছিল। আর একটি দ্রুতগামী মোটরসাইকেল কুষ্টিয়া থেকে ১২ মাইল মোড়ের দিকে আসতেছিল। প্রথমে সিএনজি আর মোটরসাইকেলের দুর্ঘটনায় পতিত হন। মোটরসাইকেলের আঘাতে সিএনজির ভিতরের সিটে বসে থাকা যাত্রী ছোয়াদ আলী মেইন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ছোয়াদ আলী। এ সময় সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আসুকা ফিলিং ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল সদর থানার আদালতপাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে সামিউল আল আরাফাত (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামিউল আল আরাফাত সকালে টাঙ্গাইল থেকে মটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী আশুকা ফিলিং ষ্টেশন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায়।
পরে পিছন দিক থেকে ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাক সামিউলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়।
কয়রা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার কয়রায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ইসলামপুর চৌরাস্তা মোড়সংলগ্ন গোপিরায়ের বেড় এলাকার মৃত জামিল উদ্দিন সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বাঁকা বাজার এলাকা থেকে কয়েকজন মোটরসাইকেলযোগে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়িতে অনুষ্ঠিত বৃক্ষ মেলা দেখতে যাচ্ছিলেন। তারা ইসলামপুর চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা রফিকুল ইসলামকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বিল্লাল গাজীর ছেলে মো: রায়হান গাজী, কাঠিপাড়া (বাঁকা) গ্রামের সন্দীপ মণ্ডলের ছেলে অন্তর মণ্ডল এবং একই এলাকার আজিজ সরদারের ছেলে মো: হৃদয় হোসেন। তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার লালপুর-নাটোর সড়কে শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেনÑ একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা ইসলামপুর গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে করে গোপালপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।







