বাংলাফ্যাক্ট, গুজব, অপপ্রচার, ভুয়া ফটোকার্ড, শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন, পুতিন-শেখ হাসিনা ফোনালাপ, পিআইবি, BRICS সম্মেলন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে ছবি: বাসস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘শেখ হাসিনার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০ মিনিটের ফোনালাপ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী’—এ শীর্ষক শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ছবিসহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফোনালাপ হয়েছে— এমন দাবিরও কোনো সত্যতা নেই।

মূলত দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনকে ঘিরে গত কয়েক দিন ধরে আওয়ামীপন্থীরা ভিত্তিহীন এই দাবিটি ছড়াচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র : বাসস