
নয়া দিগন্ত ডেস্ক
পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলির বস্তাবন্দী গলিত ও খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ভাঙাড়ি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় এক এনজিওকর্মীর রহস্যজনক মৃত্যু এবং বগুড়ার সোনাতলায় এক কিশোর অটোচালকের লাশ উদ্ধারের ঘটনাও ঘটেছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
পাবনা সদর : সদর উপজেলায় নিখোঁজ হওয়ার সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। পরিবারের দাবি, হত্যার পর লাশ টুকরো করে বস্তাবন্দী অবস্থায় ফেলে রাখা হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সাথে বাজারে গিয়ে ফেরার পর বাড়ির পাশে গেলে নিখোঁজ হয় কলি। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার স্যান্ডেল পাওয়া যায় এবং পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজের পর মঙ্গলবার পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা। শিশুটির বাবা কামাল প্রামাণিক জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিবারের অভিযোগ, নিখোঁজের পর দেয়া তথ্য ও ক্লু যথাযথভাবে তদন্ত করা হয়নি। ওসি তরিকুল ইসলাম জানান, মৃত্যুর কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ফরিদপুর, ভাঙ্গা : ভাঙ্গায় কিস্তির টাকা সংগ্রহে বের হওয়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এনজিওকর্মী আব্দুল তোহার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর আসরের নামাজ শেষে কিস্তি আদায়ে যাওয়ার পর সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক তাকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পরিচয় না দিয়েই চলে যান। পরে বরিশালের একটি হাসপাতালে তিনি মারা যান। সহকর্মী রিয়াজ হোসেন জানান, তোহার মোটরসাইকেল ও তার কাছে থাকা কিস্তির টাকা এখনো পাওয়া যায়নি, যা রহস্য আরো ঘনীভূত করেছে। ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন বলেন, এটি সড়ক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বগুড়া, সোনাতলা : বগুড়ার সোনাতলায় নিখোঁজ কিশোর অটোচালক আব্দুর রহমানের (১৫) লাশ বুধবার উপজেলার একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের অটোরিকশাটিও পাওয়া যায়নি বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ, সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের এক দিন পর ভাঙাড়ি ব্যবসায়ী আইয়ুব হোসেনের (৫০) হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ বুধবার একটি পরিত্যক্ত ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, লাশে আঘাতের চিহ্ন রয়েছে এবং এ ঘটনায় জামিল হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে।







