মক্কা লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে এবং সেগুলো রক্ষায় সৌদি আরব ও সে দেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করছে। বিবৃতিতে বাংলাদেশ জোর দিয়ে বলেছে, পবিত্র স্থানগুলো সম্মানের সাথে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খরব অনুযায়ী, গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মক্কার দক্ষিণে একটি ড্রোন প্রতিহত করা হয়। এ সময় মক্কাবাসীদের জন্য সাময়িকভাবে সতর্কবার্তা দেয়া হয়। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে হাউছিদের বিরুদ্ধে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল। তবে হাউছি কর্তৃপক্ষ মক্কা বা ইসলামের অন্য কোনো স্থান লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।