
রাজশাহী ও নাটোরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার তিনি রাজশাহীর শ্যামপুরে অবস্থিত রাজশাহী প্রোডাক্ট লিমিটেড এবং নাটোরের প্রাণ অ্যাগ্রো কারখানা পরিদর্শন করেন।
হাইকমিশনারকে কারখানায় স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। এ সময় তিনি ব্রিটিশ হাইকমিশনারকে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য উৎপাদন, দেশীয় বাজারে বিপণন ও আন্তর্জাতিক বাজারে রফতানি কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে ব্রিটিশ হাইকমিশনার সরকারের কাছ থেকে সম্প্রতি লিজ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালনায় চালু করা রাজশাহী প্রোডাক্ট লিমিটেড কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি জুতা, তাঁবু ও ছাতা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন।
এরপর তিনি নাটোরে অবস্থিত প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি নুডলস, সস, মসলাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। বিজ্ঞপ্তি।







