
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এ সময় পাঁচজনকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় বাখরাবাদ গ্যাসের এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। অভিযানে আটটি রাইজার কর্তনসহ মোট ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় ১৫টি গ্যাস রেগুলেটর জব্দ উদ্ধার করা হয়। এ ছাড়া ৩/৪ ইঞ্চি ব্যসের ৭৩১ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ এবং প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে পাঁচজনকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। কুমিল্লা প্রতিনিধি।







