মানসম্মত গবেষণা ও পুস্তক প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত মৌলিক পাঠ্যবই প্রণয়ন, গবেষণালব্ধ, অ্যাকাডেমিক ও অনুবাদধর্মী প্রকাশনা কার্যক্রম জোরদার করতে বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সাথে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল ঢাকায় আলাদা আলাদা অনুষ্ঠানে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের কনফারেন্স হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম সমঝোতা স্মারকে সই করেন। এর আগে রাজধানীর ফার্মগেটের আর এইচ হোম সেন্টারে ইউপিএলের সাথে সমঝোতা স্মারক সই হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর আমানুল্লাহ এবং ইউপিএলের ম্যানেজিং ডিরেক্টর মাহরুখ মহিউদ্দীন সই করেন।
তৃতীয় সমঝোতা স্মারকটি সই হয় রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি কার্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর আমানুল্লাহ এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এতে সই করেন। বিজ্ঞপ্তি।