বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট- রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথোরিটি (আইএমডিএ) কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক, যা বিভিন্ন সিস্টেম ও নানা দেশজুড়ে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করে। ট্রেডট্রাস্ট-রেডি হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে ব্যাংকটির সক্ষমতা প্রমাণ করেছে, যা আরো নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করবে। এই স্বীকৃতি উদযাপনের লক্ষ্যে সম্প্রতি নিকুঞ্জের প্রাইম টাওয়ারে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, “এই স্বীকৃতি প্রমাণ করে যে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদন্ডের, যা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।” অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো: তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন; এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।