বরিশাল সিটি করপোরেশনকে পরিচ্ছন্নতা সামগ্রী দিলো ওয়ার্ল্ড ভিশন

বরিশাল ব্যুরো 
নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনকে (বিসিসি)-বর্জ্য সংগ্রহে ব্যবহৃত অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’। গতকাল বুধবার বরিশাল সিটি করপোরেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। 
বিশ্বমানের সেবা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে মোট আটটি অপারেশন বক্সভ্যান এবং ৩০টি বর্জ্য ফেলার বিন হস্তান্তর করে সংস্থাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 
হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান। এ ছাড়াও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সংস্থাটির বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম অফিসার গণ এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।