ঐতিহ্যবাহী মেখল মাদরাসার মুহতামিম আল্লাম ওসমান ফয়েজীর ইন্তেকাল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়েজী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি মুফতিয়ে আজম আল্লামা ফয়জুল্লাহ (রহ:)-এর কনিষ্ঠ নাতি।
বুধবার মেখল মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার জ্যেষ্ঠ ছেলে মাওলানা এখলাছ। বৈরী আবহাওয়া ও যাতায়াত সঙ্কট সত্ত্বেও বিএনপি ও জামায়াতে ইসলামীসহ  রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা, বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং লাখো আলেম-ওলামা ও পুণ্যার্থী নামাজে জানাজায় অংশ নেন। জানাজা শেষে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। একাধারে দরসি খেদমত, সুন্নাতের প্রচার-প্রসার এবং শিরক-বিদআতের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন আল্লামা ওসমান ফয়েজী। দীর্ঘকাল মেখল মাদরাসার পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে দ্বীনি শিক্ষা প্রসারে তার অবদান অনন্য বলে মন্তব্য করেন বিশিষ্ট আলেমরা।
নতুন মুহতামিম নিয়োগ : ওসমান ফয়েজীর ইন্তেকালের পর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত জরুরি শূরা বৈঠকে মাদরাসার নতুন মুহতামিম হিসেবে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আল্লামা জাকারিয়া নোমান ফয়জীর নাম ঘোষণা করা হয়।
এদিকে প্রবীণ এই আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা ও হাটহাজারী উপজেলার নেতারা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।