
নিজস্ব প্রতিবেদক
সরকার গণপরিবহনকে গুরুত্ব দিয়ে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে ৬২ শতাংশ থেকে শুল্ক ১৫ শতাংশে নামিয়ে এনেছে। স্কুল-কলেজগুলো বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করলে শুল্কমুক্ত সুবিধা পাবে। সরকার বিআরটিসি ও মেশিন টুলসের মাধ্যমে কয়েকশো বৈদ্যুতিক গাড়ি আনছে। এরপর বেসরকারি পর্যায়ে এই বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করতে সুযোগ-সুবিধা দেবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত সেমিনারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ‘ব্যাটারি চালিত তিন চাকার যান এবং টেকসই গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন, যানজট থেকে বেরিয়ে আসার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। ঢাকা থেকে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো সরিয়ে ঢাকার আশপাশে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সরকার। তিনি বলেন, আন্তঃজেলা বাস ঢাকায় প্রবেশ নিয়ন্ত্রণ, বাস টার্মিনালগুলোকে সিটি বাস টার্মিনাল হিসেবে ব্যবহারের উদ্যোগ, ফিটনেসবিহীন বাস ব্যবস্থাপনা, লেভেল ক্রসিং, ঢাকার আশপাশে ওভারপাস-আন্ডারপাস, কমিউটার ট্রেন, নৌপথ, মেট্রোরেল ও মনোরেল নিয়ে কাজ করছে সরকার। ঢাকার মেয়াদোত্তীর্ণ বাসগুলো ডাম্পিং না করে ঢাকা থেকে সরিয়ে ফেলার কথাও বলেন তিনি।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ব্যাটারি চালিত তিন চাকার যান প্রসঙ্গে বলেন, এগুলো হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়। এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। ব্যাটারি চালিত যানবাহনের চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদানসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই প্রয়োজন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া উচিত। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ এবং ব্যাটারি চালিত তিন চাকার যান নিয়ে এমন একটি নীতিমালা প্রণয়ন করতে চায়, যাতে সংশ্লিষ্ট সবাই পরিবহন সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে।
প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি ড. আরিফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা।
বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ) মো: আনিসুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) পরিকল্পনাবিদ মীর আহমেদ তারিকুল ওমর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: মশিউর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ঢাকা-তেজগাঁও) মো: রফিকুল ইসলাম এবং বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। এ ছাড়া সেমিনারে বিআইপির উপদেষ্টা পরিষদের সদস্য পরিকল্পনাবিদ ড. আখতার মাহমুদ, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক ড. এস এম সোহেল মাহমুদ, পরিবহন বিশেষজ্ঞ পরিকল্পনাবিদ সৈয়দ ওয়ালিউল্লাহ, বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মু: মোসলেহ উদ্দীন হাসান বলেন, প্রচলিত রিকশার তুলনায় ব্যাটারি চালিত তিন চাকার যানের গতিতে পার্থক্য রয়েছে। আকস্মিক পরিস্থিতিতে সড়ক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করছে এসব যান। কিন্তু এসব যান দুর্ঘটনা গণপরিবহন ব্যবহারে মানুষকে বিমুখ করছে এবং যানজটে ভূমিকা রাখছে।







