শৈলকুপায় বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন

 শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় একটি পুকুরে বিষ ঢেলে সাত লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মাজহারুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সম্রাট, রাহাত আলী ও তানজীর আহমেদ মানিক  নামের চার ব্যক্তি বছরে এক লাখ টাকা লিজে পুকুর নিয়ে প্রায় চার লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মাছ চাষ। আর কিছুদিন পরই মাছ বিক্রি করে লাভের মুখ দেখার কথা ছিল তাদের। কিন্তু সেই স্বপ্নে হানা সোমবার  রাতে  দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের সব মাছ নিধন করে দিয়েছে। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগে মারা গেছে আনুমানিক ৯০ মণ মাছ।
চার তরুণ উদ্যোক্তাদের দাবি, এতে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু মাছ নয় বিষ দিয়ে যেন তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নটাকেও মেরে ফেলা হয়েছে। মাজাহারুল ইসলাম জানান, আমরা চার বন্ধু মিলে একটি পুকুর লিজ নিয়ে সেখানে মাছের চাষ শুরু করি অথচ একটি কুচক্রী মহল সোমবার রাতে খামারে বিষ প্রয়োগ করে আট লাখ টাকার মাছ নিধন করে দেয়। মঙ্গলবার দুপুরে গিয়ে আমরা এ দৃশ্য দেখতে পাই।