জাদুর ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার লুট

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের বড় পাকা গ্রামের আকছেদ আলী অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই দুই ব্যক্তি মাহফিলের কথা বলে আকছেদ আলীর বাড়ির সামনে এসে টাকা চান। এ সময় তার অসুস্থ ছেলে সিহাব আলী (২২) তাদের ২০ টাকা দেন। পরে তারা পানি চাইলে সিহাবের মা পানি দিতে বাইরে আসেন। তখন তারা সিহাবকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলে ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে ওই দুই ব্যক্তি এক গ্লাস পানিতে ফুঁ দিয়ে তা পান করতে বলেন এবং বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার ওই পানিতে চুবিয়ে রাখলে ‘জাদুর প্রভাব’ থেকে মুক্ত হবে বলে দাবি করেন। তাদের কথায় আকছেদের স্ত্রী একটি আংটি, চেইন ও এক জোড়া কানের দুল এনে দেন। এসবের আনুমানিক মূল্য তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা সিহাবকে বাইরে থেকে খেজুরের কাঁটা আনতে পাঠান। তিনি বাইরে গেলে তার মাকে কৌশলে বিভ্রান্ত করে স্বর্ণালঙ্কার নিয়ে তারা চলে যান বলে অভিযোগ করা হয়। পরে স্বর্ণালঙ্কার না পেয়ে থানায় অভিযোগ করা হয়। বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।