
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যেখানে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তারা বিদ্যুৎ দিলে আমরা বিদ্যুৎ পাবো, তারা না দিলে আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে- এমন পরিস্থিতি চাই না। দেশে বিদ্যুৎ-গ্যাসের সঙ্কট চলছে, এ জন্য জনগণের কষ্ট হচ্ছে এটি আমরা বুঝি। তবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা নিজেরাই যেন নিজেদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
গত সোমবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থায় সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।







