
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেফতার ৬৩ বিদেশী নাগরিককে দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিদুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, তাদের প্রত্যেককে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ। আদালত শুনানি শেষে আসামিদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি সাততলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩৫ জন লাওসের, ২১ জন পাকিস্তানের এবং পাঁচজন চীনের। এ ছাড়া নেপাল ও ভিয়েতনামের দুইজন নাগরিক রয়েছে।
তাদের বিরুদ্ধে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই মোহাম্মদ রেজাউল করিম খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ঘটনাস্থলে অবস্থান করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত ৬৩ জন বৈশ্বিক সাইবার অপরাধী নেটওয়ার্কের সদস্য। পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া ও লাওসে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে তারা বাংলাদেশকে বেছে নেয় বলেও সূত্র জানায়।







