পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদকে সয়লাব করে দেয়া হচ্ছে : আইনমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

Advertisement

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, পার্শবর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে আমার দেশকে মাদকে সয়লাব করে দেয়া হচ্ছে। মাদকের ব্যাধি শুধু বাগেরহাটে নয়, সারা দেশের ছড়িয়ে পড়েছে। এই আগ্রাসন রুখতে সারা দেশে ডোপ টেস্টের ওপর জোর দিতে হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় হবে না। যদি আমাদের নিজেদের দলের লোকও হয়। মন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে এই সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ইরান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়। চারটি সোর্সের মাধমে আমাদের এখন সার, তেল, গ্যাস আমদানি করতে হচ্ছে। বর্তমানে বেলারুশ, মরোক্কো, সৌদি আরব ও তিউনিসিয়া থেকে প্রায় ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সার, গ্যাস, বিদ্যুৎ খাতকে সরকার সচল রাখার চেষ্টা করছে। আমরা আগে যেটা ১০ ডলারে কিনতাম, তা এখন প্রায় ২৬ ডলার বেশি দিয়ে আনতেও বেগ পেতে হচ্ছে। তবে মঙ্গলবার থেকে গ্যাস স্বাভাবিক হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 
এই সরকার সৌর বিদ্যুৎকে কাজে লাগাতে চাচ্ছে। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারি এবং প্রতি ঘরে ঘরে সোলারের ব্যবস্থা করতে পারি। তা হলে সেটা হবে আমাদের সফলতার কেন্দ্র বিন্দু। ইতোমধ্যে প্রধানমন্ত্রী যে বাসায় থাকেন সেখানে পুরো ব্যবস্থাকে সোলারের রূপান্তরিত করা হয়েছে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে না বললেই চলে। এ সময়ে মন্ত্রী বাগেরহাটের উন্নয়নমূলক কাজের ব্যাপারে বাগেরহাটবাসীর দাবির সাথে ঐকমত্য পোষণ করেছেন। এ সময়ে বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ শেখ আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন, সাবেক সচিব ড: ফরিদুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইডি মো: মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির জেলা আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।