
নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সাথে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো: আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো: আশরাফ উদ্দিন, এমপি; মো: মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; মো: মজিবুর রহমান, এমপি; নিলোফার চৌধুরী মনি, এমপি; ফাহমিদা হক, এমপি; মো: শফিকুল ইসলাম মাসুদ, এমপি এবং মোসা: নাজমুন নাহার, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







