পঞ্চগড়ে দুই যুবদল নেতার ওপর হামলা

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই দুই যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টায় পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত আরিফুল ইসলাম ইরান পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি এবং সম্পাদক হারুন অর রশিদ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারা দুজনেই পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থক। 
নেতাকর্মীরা জানান, রাতে দলীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে নিয়ে সংবাদ সম্মেলন করে সিনেমাহল মার্কেটে চা খেতে যান পঞ্চগড়-২ আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা। সেখানে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সাথে তাদের বাগি¦তণ্ডা হলে তারা যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানকে মারধর ও  ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পরে নেতাকর্মীরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে  নিয়ে যান।  সেখান থেকে তাকে রংপুরে রেফার করা হয়। 
এ দিকে পঞ্চগড় বাজার থেকে বাড়ি ফেরার সময় বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে অপরপক্ষের নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদকেও মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরানের পেটের নিচে আঘাতের চিহ্ন আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।