সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়নবঞ্চিত ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, সরকারি সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গতকাল ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
ঝালকাঠি জেলা প্রশাসক মো: মমিন উদ্দিনের সভাপতিত্বে এ বিশেষ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। 
গতকালের বিশেষ সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।