জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শিক্ষক ফোরামের

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গতকাল সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক মো: জামাল উদ্দিনকে অপ্রাসঙ্গিকভাবে টেনে এনে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও সম্মানহানিকরভাবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে উত্থাপিত বিষয়গুলোর সাথে কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততাকে ইচ্ছাকৃতভাবে সামনে এনে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো ব্যক্তির বিষয়ে তথ্য প্রকাশ বা অভিযোগ উপস্থাপনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা এবং তথ্যের যথাযথ যাচাই অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক প্রচারণায় এসব মৌলিক নীতির ব্যত্যয় ঘটিয়ে একজন সম্মানিত শিক্ষক ও গবেষকের দীর্ঘ দিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণœ করার চেষ্টা করা হয়েছে।
অধ্যাপক জামাল উদ্দিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়কে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো সুস্থ অ্যাকাডেমিক পরিবেশের পরিপন্থী। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রকাশিত তথ্যের উৎস, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা এবং প্রচারের উদ্দেশ্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানানো হয়।