
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থীকে ‘শিবিরের স্পাই’ আখ্যা দিয়ে রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মোবাইল ফোন তল্লাশি করে ভুক্তভোগীকে পুলিশের হাতে সোপর্দ করার চেষ্টাও চালানো হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী মোহাম্মদ আসিফ গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, হলে আসন পাওয়ার আশায় তিনি ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে সম্মতি জানান। তবে হল ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ তার ফোন নিয়ে বিভিন্ন তথ্য দেখে শিবিরের সাথে সম্পৃক্ততার অভিযোগ তোলেন। পরে গণরুমে নিয়ে তাকে মারধর করা হয়, জোরপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয় এবং কাগজে স্বাক্ষর নেয়া হয়। আসিফ ঘটনাটির সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্যাম্পাসে নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে হল ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ জানান, মোবাইল ফোনে হল শিবিরের সভাপতির সাথে যোগাযোগের তথ্য পাওয়ার পর আসিফকে কেবল জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো নির্যাতন করা হয়নি। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ঘটনা জানার পর অভিযুক্তকে কোনো ধরনের হেনস্তা না করে প্রভোস্ট ও প্রক্টরের কাছে সোপর্দ করার নির্দেশনা দেয়া হয়েছিল।
হলের ভিপি আশিকুর রহমান সোহাগ অভিযোগ করেন, রাত ৪টার দিকে প্রভোস্টের কক্ষে এক শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টা চলছিল, যা প্রশ্নবিদ্ধ। প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।







