সাত দফার সাথে যোগ হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

 রংপুর ব্যুরো

১১ দলের লংমার্চের গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাযজ্ঞের বিচার, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ সাত দফার সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি অতিরিক্ত হিসেবে যুক্ত হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। 
গতকাল মঙ্গলবার বিকেলে লংমার্চের জনসভাস্থল রংপুর জেলা স্কুল মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। মাঠ পরিদর্শনের সময় আব্দুল হালিমের সাথে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াত আমির এটিএম আজম খানসহ ১১ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুল হালিম বলেন, সাত দফার সাথে রংপুরের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে রংপুর পার্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও থাকবে। এটা হচ্ছে এ অঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবি। এ দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবে ১১ দল। 
আব্দুল হালিম বলেন, চট্টগ্রামের লংমার্চে আমাদের টার্গেট ছিল এক হাজার গাড়ি। কিন্তু হয়েছে দেড় হাজারেরও বেশি। রংপুরের লংমার্চ নিয়েও আমরা বিপুল সাড়া পাচ্ছি। গাড়ি তালিকাভুক্ত শুরু হয়েছে। আশাকরি তিন হাজারের বেশি গাড়ি হয়ে যাবে। 
১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হবে এ লংমার্চ। পথে পথে পাঁচ জেলায় হবে সমাবেশ। পরে শহরের শাপলা চত্বরে লংমার্চের লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি মাহবুবুর রহমান বেলাল।