
নিজস্ব প্রতিবেদক
শরিয়াহসম্মত হেবা ব্যবস্থাকে বিকৃত বা সীমিত করার যেকোনো উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের গোলটেবিল বৈঠকের বক্তারা। তারা মুসলিম পারিবারিক আইন ও ইসলামী মিরাসব্যবস্থার মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক ‘জীবনস্বত্ব হেবা’ সংক্রান্ত আইন বাতিলের দাবি জানান।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগর মাদরাসা মিলনায়তনে ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ, বর্তমান প্রেক্ষাপট এবং জীবনস্বত্ব রেখে হেবা আইন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন। প্রবন্ধ পাঠ করেন মাওলানা ইলিয়াস হোসাইন কাসেমী।
বক্তারা বলেন, ইসলামী শরিয়তে হেবা একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ বিধান। মুসলমানের সম্পত্তি হস্তান্তর, দান ও উত্তরাধিকারসংক্রান্ত বিষয়ে কুরআন-সুন্নাহ ও ফিকহের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। এসব বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন বা প্রয়োগ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার ও প্রচলিত পারিবারিক আইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা বলেন, ‘জীবনস্বত্ব হেবা’ নামে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে, যার মাধ্যমে শরিয়াহসম্মত হেবা কার্যকর হওয়ার মৌলিক শর্ত ও মালিকানার বিধান পরিবর্তিত বা অকার্যকর হয়, তা মেনে নেয়া হবে না। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে শরিয়াহসম্মত সমাধান নিশ্চিত করতে হবে। বক্তারা ফিকরে দেওবন্দ ও কওমি মাদরাসার শিক্ষা-ঐতিহ্য সংরক্ষণ, দরসে নিজামির মূল কাঠামো অক্ষুণœ রেখে যুগোপযোগী দক্ষতা যুক্ত করা এবং যোগ্য শিক্ষক ও মুফতি তৈরিতে বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। একইসাথে কওমি মাদরাসা, বোর্ড ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং বাংলা ভাষায় মৌলিক গবেষণা ও রচনাকর্মকে উৎসাহিত করার আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন- মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি জাবের কাসেমী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেমায়েত উল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান কোববাদী, মুফতি সাঈদ আহমদ কলরব, মুফতি আবু যর, মুফতি ফয়সল ওমর ও মুফতি ওমর ফারুক কাসেমী প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের মতামত গ্রহণ এবং কুরআন-সুন্নাহসম্মত আইন ও নীতিমালা নিশ্চিত করার দাবি জানান।







