
খুলনা ব্যুরো
খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুরসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকে) প্রিপেইড মিটার রিচার্জিং গত সোমবার বন্ধ হয়ে যায়। ১৭ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকালে তা আবার সচল হয়। ওজোপাডিকো কর্তৃপক্ষ জানায়, গত সোমবার বেলা ১টা ১৫ মিনিটে প্রিপেইড মিটারিং সিস্টেমের ডাটাবেজ সার্ভারের সাথে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভেন্ডিং কার্যক্রম সাময়িকভাবে (মিটার রিচার্জিং) বন্ধ হয়ে যায় । সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে ওজোপাডিকোর প্রিপেইড মিটারিং দফতরের কারিগরি বিশেষজ্ঞ দলের নিরলস চেষ্টায় গতকাল সকাল ৬টা ১০ মিনিটে প্রিপেইড সিস্টেমের ভেন্ডিং কার্যক্রম পুরোদমে কার্যকর হয়।
গতকাল সংস্থার খুলনা সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলে ভেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রিপেইড মিটার গ্রাহকরা যে প্রতিবন্ধকতা ও অসুবিধার সম্মুখীন হয়েছেন সেজন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান হয়।







