
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে বিএনপির দলীয় বক্তব্যের আদলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবৃতি দিয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক বিবৃতির ভাষা ও বক্তব্যের ধরন দেখে মনে হয়েছে, এটি কোনো নিরপেক্ষ প্রশাসনিক বক্তব্য নয়, বরং বিএনপির দলীয় বিবৃতি।
ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম দেশের বাইরে থাকায় গতকাল প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সাথে ডাকসুর একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফরহাদ বলেন, আজ প্রোভিসি বলছেন, জিন্নাহর ছবির কারণে নাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মনে হচ্ছে, বিএনপির কোনো দলীয় পোস্ট কপি করে বিশ্ববিদ্যালয়ের পেজে দেয়া হয়েছে। অথবা এমনও হতে পারে, ঢাবি পেজের অ্যাডমিন এতদিন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন, এখন বিএনপির সাথে সংশ্লিষ্ট কাউকে সেই পেজের অ্যাডমিন বানানো হয়েছে। এই দু’টির কোনো একটি হতে পারে। ডাকসুর ব্যাপারে লেখা একটি দলীয় বক্তব্যকে হুবহু কপি করে দেয়া হয়েছে। এ কারণে নাকি ডাকসুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘কঠোরভাবে প্রতিহত’ করার মতো ভাষায় কোনো ঘটনা ঘটার সাথে সাথে বিবৃতি দেয়ার ঘটনা নিন্দনীয়।
এফএইচ হলের ঘটনায় শিক্ষার্থী ইব্রাহিমকে প্রভোস্ট কর্তৃক নির্যাতনের অভিযোগ তুলে ফরহাদ বলেন, এ ঘটনার একটি রেকর্ড ইতোমধ্যে কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কী বীভৎস চিত্র ছিল? তারা তদন্ত কমিটির নাম করে দীর্ঘদিন সময় কাটিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরো বলেন, তদন্ত চলাকালে আমরা জানতে চেয়েছি, কেন ওই প্রভোস্টকে উল্টো পুরস্কৃত করা হচ্ছে? কেন তাকে বিভিন্ন কমিটিতে রাখা হচ্ছে? কেন বিভিন্ন পুরস্কার দেয়া হচ্ছে? এসব বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
তিনি বলেন, আমরা ছাত্রদলের হতাশা বুঝি। তারা মার্কেট থেকে চাঁদার ভাগ পান না, আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের হলের দোকান থেকে ভাগ পান না। আমাদের ১৮টি হলের এতগুলো ক্যান্টিন ও দোকান থেকে আপনারা গত এক বছরে কত কোটি টাকা সংগ্রহ করতে পারতেন, সেটাও আপনারা জানেন। এখন সেটা বন্ধ হয়ে গেছে।
ডাকসুর বিরুদ্ধে ছাত্রদলের বক্তব্যের প্রসঙ্গে ফরহাদ বলেন, এমনকি সাহস করে কেউ বলে না, ডাকসুর তফসিল দিন। কারণ তারা মনে করেন, তফসিল দিলে আবার হারবেন এবং চাঁদাবাজি করতে পারবেন না।







