
মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির (এমকিউএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ড. মোহাম্মদ শাতার বিন সাবরান মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমকিউএ ট্রেনিং সেন্টারের পরিচালক আব্দুল সামান বিন তাইপ এ সময় তার সাথে ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান উপস্থিত ছিলেন। বৈঠককালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাবিষয়ক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তারা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন। এমকিউএর সিইও বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণাকার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।







