ইসরাইল, হামলা, লেবানন,
দক্ষিণ লেবাননের জাওতার আশ-শারকিয়া গ্রাম। সংগৃহীত

গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার পাশাপাশি লেবানন ও সিরিয়ায় সামরিক দখলদারিত্ব দীর্ঘায়িত করার নতুন হুমকি দিয়েছে ইসরাইল। ভূখণ্ডের অর্ধেকেরও বেশি এলাকা নিজেদের দখলে রাখা এবং নতুন করে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে।

Advertisement

ইসরাইল কাৎজের হুংকার ও গাজার বর্তমান পরিস্থিতি

দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরাইলি দখলদারিত্ব সম্প্রসারণের হুমকি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, অতিরিক্ত ভূখণ্ড দখল এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখতে ইসরাইলি শাসকগোষ্ঠী প্রস্তুত।

বুধবার (১৮ নভেম্বর) কাৎজ ঘোষণা করেন, ইসরাইলি বাহিনী দখলকৃত এলাকাগুলোতে অবস্থান অব্যাহত রাখবে। এসব অঞ্চল সম্পর্কে তিনি বলেন, ‘ইসরাইল বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করবে না।’

গাজা উপত্যকার ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ ক্রমাগত জোরদার করার মধ্যেই এ হুমকি দেয়া হলো। বর্তমানে সেখানে ইসরাইলি বাহিনী ভূখণ্ডের ৬০ শতাংশেরও বেশি এলাকা দখল করে রেখেছে। এর ফলে ফিলিস্তিনি শরণার্থীদের উপকূলীয় অঞ্চলের একটি সংকীর্ণ অংশে ঠেলে দেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইল তার গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ৭৪ হাজার ৬১৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৭৫ হাজার ৯২০ জন আহত হয়েছেন।

লেবানন সীমান্তে আগ্রাসন ও যুদ্ধবিরতির অনিশ্চয়তা

লেবাননেও ইসরাইল দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সামরিক দখলদারিত্ব বজায় রেখেছে। পাশাপাশি নাবাতিয়েহ ও লিতানি নদী পর্যন্ত নিজেদের দখল করা ভূখণ্ড সম্প্রসারণের হুমকি দিয়েছে।

গত জুন মাসের শেষ দিকে ওয়াশিংটনে কয়েক দফা সরাসরি আলোচনার পর লেবানন ও ইসরাইল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ‘কাঠামোগত চুক্তিতে’ পৌঁছায়। এর ঘোষিত উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান ঘটানো। তবে ইসরাইলি বাহিনী এখনো হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে ইসরাইলি আগ্রাসনে অন্তত ৪ হাজার ৩৯০ জন নিহত এবং আরও ১২ হাজার ৪২৯ জন আহত হয়েছেন।

সিরিয়ায় বাফার জোন লঙ্ঘন ও নতুন ভূখণ্ড দখল

এদিকে সম্প্রতি দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনীর ৭০টি অনুপ্রবেশ ঘটার খবর এসেছে এবং বেশ কিছুকাল ধরে দখলদার ইসরাইল সিরিয়ার ভেতরে নিজ সামরিক উপস্থিতি সম্প্রসারণ করে আসছে। জাতিসংঘ সেনাদের সহায়তায় যুদ্ধ-বিরতি কার্যকরণ এবং সিরীয় ও ইসরাইয়েলি সেনাদের পৃথক অবস্থানে থাকা সংক্রান্ত ১৯৭৪ সালের চুক্তিও লঙ্ঘন করেছে ইসরাইল ২০২৪ সালে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর। 

ইসরাইল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির বাইরেও ভূখণ্ড দখল করেছে এবং জাতিসংঘের পর্যবেক্ষণাধীন বাফার জোনের আশপাশের এলাকায় অগ্রসর হয়েছে।

সিরিয়ার বাফার জোনের ভেতরে প্রায় ২৩৫ বর্গকিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলি বাহিনী। সিরিয়ায় সামরিক অনুপ্রবেশ, চেকপোস্ট স্থাপন, অভিযান ও হামলা সিরিয়ার অস্থিতিশীলতা আরও বাড়িয়েছে এবং দীর্ঘমেয়াদি দখলদারিত্বের আশঙ্কা তীব্র করেছে।

গত আগস্টে জর্ডানে উচ্চপর্যায়ের একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ওই বৈঠকে সিরিয়ার ক্ষমতাসীন হায়াত আত তাহরির আশ-শামের (এইচটিএস) প্রধান দূত আসাদ আশ-শাইবানি এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান অংশ নিয়েছিলেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর