হরমুজ প্রণালী, মার্কিন ড্রোন, ভূপাতিত, ইরান, উপসাগরীয় দেশ, নিন্দা,
ইরানি ক্ষেপণাস্ত্রের ফাইল ছবি। সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের সামরিক তৎপরতা ঘিরে। হরমুজ প্রণালীর পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সময়ে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), কাতার ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, এ অঞ্চলে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পৌঁছানোর পর শত্রুপক্ষের গতিবিধির ওপর নিবিড় নজর রাখার কথা জানিয়েছে ইরানের সেনাপ্রধান।

Advertisement

আল জাজিরা মঙ্গলবার (১৮ নভেম্বর) এসব খবর জানায়।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর পূর্বদিকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করা হয়। পরে সময়মতো পদক্ষেপ নিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি ঠিক কোথায় এবং কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি পৌঁছানোর পরও ইরানের বাহিনী শত্রুপক্ষের গতিবিধির ওপর নিবিড় নজর রাখছে। তিনি বলেন, ‘আমরা শত্রুর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

অন্যদিকে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। উপসাগরীয় সহযোগিতা পরিষদ, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এসব হামলার নিন্দা জানিয়েছে। কুয়েত বলেছে, ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বের ‘নির্লজ্জ লঙ্ঘন’। বাহরাইনও ইরানের বিরুদ্ধে ‘অপরাধমূলক হামলার’ অভিযোগ এনেছে।

তবে এসব হামলার বিষয়ে তেহরানের বক্তব্য ভিন্ন। ইরান জানিয়েছে, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ফলে কুয়েত ও বাহরাইনে হামলার অভিযোগ, ইরানের পাল্টা বক্তব্য এবং হরমুজ প্রণালীর কাছে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি—সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা আরো বেড়েছে।