
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে হাউছি বিদ্রোহীদের অগ্রসর হওয়ায় নতুন করে গুরুত্ব বাড়ছে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)। বর্তমানে শহরটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে হাউছিরা।
সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট বলে পরিচিত এসটিসি দক্ষিণ ইয়েমেনের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। চলতি বছরের শুরুর দিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সামরিক অভিযানের পর সংগঠনটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছিল। তবে এসটিসির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ওই ঘোষণা প্রত্যাখ্যান করেন। এরপর কয়েক মাস সংগঠনটি দুর্বল অবস্থায় থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে আবারো সক্রিয় হয়ে উঠেছে।
এ সপ্তাহে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে হঠাৎ সরে যাওয়ার পর দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
লোহিত সাগর উপকূলে সরকারি বাহিনীর পতন এবং সাম্প্রতিক সময়ে হাউছিদের অর্জিত সাফল্যের জন্য চলতি বছরের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরকারের চালানো অভিযানকেই দায়ী করেছেন এসটিসি সভাপতির বিশেষ প্রতিনিধি আমর আল-বিধ।
তিনি বলেন, জানুয়ারিতে সৌদি আরবের সিদ্ধান্তে ইয়েমেনের সবচেয়ে কার্যকর হাউছিবিরোধী বাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল।
এসটিসি নেতা আইদারুস আল-জুবাইদি সম্প্রতি দক্ষিণাঞ্চলে এডেন, লাহিজ ও আল-দালেয়া রক্ষার প্রস্তুতির জন্য কার্যক্রম শুরু করেছেন।
আল-বিধের মতে, হাউছিদের অগ্রযাত্রা থামাতে হলে এসটিসি বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নিজেদের ইউনিটগুলোর পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।
তিনি বলেন, ‘যেখানে প্রতিরক্ষায় নিয়োজিত ব্যক্তিদেরই সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ থাকে না, সেখানে কোনো ফ্রন্টই দীর্ঘসময় টিকে থাকতে পারে না। আমরা সবসময়ই বলে এসেছি যে, একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই কেবল এই যুদ্ধের অবসান হতে পারে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের মানুষের মতামত উপেক্ষা করে, তাদের প্রতিনিধিত্ব করেন না এমন ব্যক্তিদের স্বাক্ষরিত কোনো সমঝোতা কার্যকর হবে না।’
স্বাধীন কূটনীতিক সংস্থার নীতিবিষয়ক পরিচালক আবদি ইয়েগানেহ বলেছেন, হাউছিদের বর্তমান অভিযানের মুখে এসটিসি একটি শক্তিশালী প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করতে পারে।
তিনি বলেন, ‘জানুয়ারিতে সৌদি আরবের সাথে বিরোধের ফলে এসটিসি বাহিনী দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল।’
তবে তার মতে, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে, দক্ষিণাঞ্চলে এসটিসির উল্লেখযোগ্য জনসমর্থন ও কার্যকর সামরিক সক্ষমতা রয়েছে।
এদিকে সামরিক ও কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ আলি আল-দাহাব বলেছেন যে, এসটিসি রাজনৈতিকভাবে বিভক্ত এবং এর কিছু অংশ সৌদি আরবের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকারি বাহিনী ও সৌদির সমর্থন ছাড়া হাউছিদের ঠেকানো তাদের পক্ষে কঠিন।
২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে হাউছিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের সরকারি বাহিনীর সাথে এসটিসিও বিভিন্ন সময়ে অংশ নিয়েছে। তবে এডেনসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








