
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সাথে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। একই দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে সিএনএনের একটি প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (১৭ নভেম্বর) আরো জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিএনএনের আগের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ওয়াশিংটনে একটি ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে। বাকেই অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘যারা ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে, তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার পক্ষে সংবাদমাধ্যমে পরিবেশ তৈরি করতে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন এবং সিএনএনের প্রচারিত কথিত ‘ডার্টি বোমা’ নিয়ে সাজানো সংবাদও এর অংশ।’
এদিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থায় হামলার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে ইরানের সামরিক বাহিনী ওই রাডারব্যবস্থায় হামলার কথা জানিয়েছিল।
সেন্টকমের দাবি, মঙ্গলবার আইআরজিসির ছোড়া বেশ কয়েকটি একমুখী হামলাকারী ইরানি ড্রোন বাহরাইনের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি এবং কোনো মার্কিন সেনাও আহত হননি।
অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালালে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে। সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থিত বলে বেসামরিক স্থাপনাকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনার যুক্তিরও সমালোচনা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের কিছু বাঁধ কৃষিকাজে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় সহায়তার জন্যও নির্মাণ করা হয়ে থাকতে পারে।
গালিবাফ লেখেন, ‘বেসামরিক অবকাঠামোয় পরবর্তী দফার হামলার প্রস্তুতি চলছে। আপনাদের বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনার কাছের বাঁধগুলো দ্বৈত ব্যবহারযোগ্য।’
তিনি আরো লেখেন, ‘বেশ ভালো। তাহলে নতুন নিয়ম হলো, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কোনো সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা যেকোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎকেন্দ্রকে দ্বৈত ব্যবহারযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আপনাদের যুক্তি আমরা একইভাবে, পক্ষপাতহীনভাবে প্রয়োগ করব।’
নিউইয়র্ক টাইমস সোমবার জানায়, পানি ও সামরিক বিশেষজ্ঞরা ইরানের বিস্তৃত বাঁধব্যবস্থার কয়েকটি স্থানের সাথে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা সন্দেহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর ভৌগোলিক মিল খুঁজে পেয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








