
বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডার স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।
ইরানের দাবি, তাদের আকাশসীমায় বারবার মার্কিন ড্রোন অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলাটি তাদের পূর্ববর্তী বিভিন্ন অভিযানেরই ধারাবাহিকতা। ওইসব অভিযানে মার্কিন ড্রোন শনাক্ত, ধ্বংস বা জব্দ করা হয়েছিল বলে দাবি করেছিল তারা।
রেভল্যুশনারি গার্ড সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঘটলে কিংবা ইরানের ওপর হামলার জন্য আঞ্চলিক ঘাঁটিগুলো ব্যবহার করা হলে, তার ‘উপযুক্ত জবাব দেয়া হবে’। এর পরিণতির জন্য তারা মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করেছে।
এই ঘোষণার কিছুক্ষণ আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। এতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনার দিকে নজর রাখতে বলা হয়েছে।
মঙ্গলবার দেয়া এই ঘোষণার আগে বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার কেন্দ্রগুলোকে নিয়ে ইরানের পক্ষ থেকে আরো দু’টি পৃথক বিবৃতি দেয়া হয়েছিল।
রোববার আইআরজিসি জানিয়েছিল যে, তারা আল-রিফফাতে অবস্থিত একটি মার্কিন রাডারকে লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠিয়েছে।
অন্যদিকে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে।
সূত্র : দ্য প্যালেস্টাইন ক্রনিক্যাল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








