ইরান, যুদ্ধ, দীর্ঘায়িত, ট্রাম্প ,ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।। সংগৃহীত

ইরানের সাথে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে চান।

Advertisement

সৌদি গ্যাজেট মঙ্গলবার (১৭ নভেম্বর) এ খবর জানায়। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুদ্ধের গতিপথ নিয়ে ট্রাম্পের সাথে তার কোনো মতপার্থক্য নেই। ‘আমরা মার্কিন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর কোনো চিরস্থায়ী যুদ্ধে জড়াব না। প্রেসিডেন্টও এই যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে দেবেন না।’

ভ্যান্স বলেন, ‘আমরা এই যুদ্ধকে ১০ বা ১৫ বছরের অঙ্গীকারে পরিণত হতে দেব না। এমনকি দুই বছরও নয়।’ তার মতে, অনেক নব্য রক্ষণশীল ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন এই যুদ্ধে জড়িয়ে রাখতে চান। কিন্তু প্রশাসন ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে।

তিনি বলেন, ট্রাম্প মনে করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এবং তা ধ্বংস করা প্রয়োজন। তবে শেষ পর্যন্ত মার্কিন জনগণের জন্য ইতিবাচক হবে এমন ফলাফল নিয়ে যুদ্ধের অবসান ঘটাতে চান প্রেসিডেন্ট ।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ভ্যান্স। তিনি স্বীকার করেন, পেট্রল ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক মূল্য দিতে হয়েছে প্রশাসনকে। তবে যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে নিজের কোনো মতপার্থক্য নেই বলে আবারো জানান তিনি।

ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে সমালোচনার জবাবে ভ্যান্স বলেন, ট্রাম্পকে আক্রমণ করতে কেউ কেউ তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। এদিকে ইঙ্গিত করে ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সমালোচনার ঢাল হতে আমি প্রস্তুত।’