ইরান,হামলার প্রস্তুতি, তেহরান, তথ্য, রাশিয়া,ইউএসএস থিওডোর রুজভেল্ট, রণতরী,
বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সংগৃহীত

মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছানোর পর ইরানে নতুন করে হামলার আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি নিতে  কৃত্রিম উপগ্রহ দিয়ে হাতিয়ে নেয়া গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়ার কি  ইরানকে সাহায্য করছে?

Advertisement

দুবাই থেকে প্রকাশিত ইংরেজি  গালফ নিউজ, ইরানের সাথে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌসামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। ১৫ নভেম্বরের তথ্য অনুযায়ী, ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে সেখানে ছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। নিউইয়র্ক টাইমস প্রথমে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রণতরী মোতায়েনের খবর জানায়। পরে বিভিন্ন সংবাদ সংস্থাও এর উপস্থিতি নিশ্চিত করে।

তবে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ওয়াশিংটন থেকে আসছে পরস্পরবিরোধী বার্তা। রয়টার্স ১৪ নভেম্বর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপদেষ্টাদের বলেছেন, ইরান বা তাদের মিত্ররা নতুন করে উসকানি না দিলে আপাতত আর হামলা না-ও চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এমন সময় রাশিয়ার গোয়েন্দা সহায়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সিএনএনের সাম্প্রতিক অনুসন্ধানে ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার উন্নত কৃত্রিম উপগ্রহ নজরদারি সক্ষমতা যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানকে জটিল করে তুলতে পারে।

রুশ উপগ্রহের গতিবিধিতে কী পাওয়া গেছে?

গত ২৭ অক্টোবর প্রকাশিত এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে-পরে রুশ উপগ্রহের গতিবিধি বিশ্লেষণ করা হয়।

ভূস্থানিক গোয়েন্দা প্রকল্প অরোরা (এইউআরওআরএএইচ)-এর গবেষকেরা সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটির ওপর রুশ গোয়েন্দা উপগ্রহের চলাচল শনাক্ত করেন। ইয়েমেনের হাউছিরা এবং ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হামলার আগে ও পরে এসব উপগ্রহ ওই এলাকাগুলোর ওপর দিয়ে গেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কয়েকটি অংশ এবং সামরিক স্থাপনা।

সৌদি কর্মকর্তারা, হাউছিদের একজন জ্যেষ্ঠ নেতা এবং গোয়েন্দা বিশ্লেষকেরা এপিকে জানিয়েছেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে রাশিয়া গোয়েন্দা সহায়তা দিয়েছে। তবে অরোরা স্বীকার করেছে, ইরান বা তার মিত্রদের কাছে রুশ উপগ্রহের তথ্য সরবরাহের বিষয়টি তারা সরাসরি আটকাতে বা যাচাই করতে পারেনি।

মার্কিন ঘাঁটিতে হামলার আগেও কি তথ্য দিয়েছিল রাশিয়া?

গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত সিএনএনের এক অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। নেটওয়ার্কটির দাবি, ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলার দুই দিন আগে ওই ঘাঁটির ওপর দিয়ে ১৪টি রুশ গোয়েন্দা উপগ্রহ অতিক্রম করে।

ওই হামলায় ১২ মার্কিন সেনা আহত হন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের একটি আকাশপথে সতর্কতা ও নিয়ন্ত্রণবিষয়ক বিমান। দুই মার্কিন কর্মকর্তা ও অন্যান্য গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, নিখুঁতভাবে হামলা চালাতে ইরানকে রাশিয়ার উপগ্রহ থেকে পাওয়া তথ্য সাহায্য করেছিল। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে একে ভুয়া খবর বলে অভিহিত করেছে।

নতুন হামলার আগাম খবর পেতে পারে ইরান?

কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ গবেষক এবং অরোরার প্রতিষ্ঠাতা নওয়াফ ওবায়েদ ১৬ নভেম্বর আল জাজিরায় প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে বলেছেন, রাশিয়ার নজরদারি সক্ষমতা যুক্তরাষ্ট্রের নতুন হামলার আগেই ইরানকে সতর্ক হওয়ার সুযোগ দিতে পারে।

ওবায়েদের দাবি, তার প্রকল্প অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করেছে, যেগুলো কসমস-২৬০০ সিরিজের অন্তর্ভুক্ত। এসব উপগ্রহের কোনো কোনোটি ছবি, রাডারসংক্রান্ত তথ্য এবং ইলেকট্রনিক সংকেত সংগ্রহ করতে সক্ষম।

তার মতে, এসব তথ্য ব্যবহার করে ইরান মার্কিন সামরিক বাহিনীর অবস্থান ও মোতায়েনের পরিবর্তন পর্যবেক্ষণ করতে এবং পাল্টা হামলার প্রস্তুতি নিতে পারে। তবে উপগ্রহের গতিবিধি পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্যের বাইরে রাশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, এমন কোনো স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ নেই।

উপসাগরীয় দেশগুলোর জন্য কেন উদ্বেগ?

এর প্রভাব শুধু মার্কিন সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না। উপগ্রহের মাধ্যমে পাওয়া গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে তেল স্থাপনা, রফতানি টার্মিনাল, বিদ্যুৎ অবকাঠামো ও পানি নুনমুক্ত করার কারখানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও শনাক্ত করা সম্ভব।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। এর মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের তেল রপ্তানি টার্মিনালে অপরিশোধিত তেল পাঠানো যায়। এসব স্থাপনায় নতুন করে হামলা হলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়তে পারে।

নিজস্ব উন্নত গোয়েন্দা নজরদারি সক্ষমতা নেই, এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার কার্যকারিতা বাড়াতে গোয়েন্দা সহায়তা কীভাবে ভূমিকা রাখতে পারে, এপির অনুসন্ধানেও তা উঠে এসেছে।

ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলছে রাশিয়ার ভূমিকা?

ইরানের নজরদারি সক্ষমতা বাড়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি করছে। ১৫ নভেম্বর প্রকাশিত ইসরাইলি নিরাপত্তাবিষয়ক এক মূল্যায়নেও উপসাগরীয় অঞ্চলে ইরানের হুমকি ও হামলার খবরের পাশাপাশি মার্কিন সামরিক শক্তি মোতায়েন অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

তবে রাশিয়ার গোয়েন্দা সহায়তা ট্রাম্পের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে কি না, তা এখনো অজানা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে হামলার কার্যকারিতা ও সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগের কারণে ট্রাম্প আপাতত সংযত থাকার কথা বিবেচনা করছেন।

এ মুহূর্তে পাওয়া তথ্য সংঘাতের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা মাত্রার ইঙ্গিত দিচ্ছে। তবে রাশিয়া ও ইরান আসন্ন সংঘাতের জন্য যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে, এমন প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি। মূল প্রশ্ন হলো, রাশিয়ার উপগ্রহ নজরদারি কি যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার সক্ষমতা কমিয়ে দিয়ে ইরানকে পাল্টা জবাবের প্রস্তুতি নেয়ার বাড়তি সময় করে দিতে পারে?