মিনাব স্কুল, হামলা, মার্কিন, নৌ কর্মকর্তা, হুমকি, ইরান,কমান্ডার লেই,লেফটেন্যান্ট কমান্ডার জেফরি,
ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। সংগৃহীত

ইরান হুমকি দিয়েছে, মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার সাথে জড়িত মার্কিন নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করা হবেই। গত ২৮ মার্চ ওই বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়ার অভিযোগে ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ককে চিহ্নিত করেছিল তেহরান। এবার তাদের ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ১৬ নভেম্বর বাংলাদেশ সময় প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানায়। দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই দুই কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করে হুমকিটি দেয়। এর আগে ২৮ মার্চের এক পোস্টে তাদের বিরুদ্ধে মিনাবের ওই বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়ার অভিযোগ তুলেছিল দূতাবাস। ওই হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল বলে পোস্টে উল্লেখ করা হয়। তখন দুই কর্মকর্তাকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে দূতাবাস প্রশ্ন করেছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’

যুক্তরাষ্ট্রের ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসির জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেবলু ইরানের এই হুমকিকে গুরুত্বের সাথে নেয়ার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজ ডিজিটালকে তিনি বলেন, এ ঘটনায় ওয়াশিংটন, হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমেরও সতর্ক হওয়া উচিত। ইরান যেসব মার্কিন সামরিক কর্মকর্তাকে হামলায় জড়িত বলে অভিযোগ করছে, তাদের পরিচয় প্রকাশ করে প্রতিশোধের কথা বলছে। তাদের লক্ষ্য করে কোনো ষড়যন্ত্র থাকলে তা শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করা জরুরি।

নিরাপত্তা শঙ্কায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা

ইরানের দূতাবাসের হুমকির এক দিন আগে, ১২ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন, কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রেডিও উপস্থাপক হিউ হিউইটের সাথে সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এমন কিছু ঘটলে ইরান ‘বেশিদিন অস্তিত্বে থাকবে না’।

ইরানের হুমকির মুখে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে উঠেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার সিএনবিসিকে তিনি জানান, সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্টিফেন মিলারও নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটি বা সুরক্ষিত আবাসনে উঠেছেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস এক পোস্টে এসব কর্মকর্তার নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিদ্রূপ করেছে। এতে বলা হয়, রুবিও, বেসেন্ট ও হেগসেথ অপরাধের কারণে ভয়ে দিন কাটাচ্ছেন এবং নিজেদের সুরক্ষায় সামরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। তাদের মাঝেমধ্যে জনসমক্ষে আসা উচিত বলেও মন্তব্য করে দূতাবাস।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ইরান-সমর্থিত কয়েকটি হামলার ষড়যন্ত্রের তথ্য প্রকাশ করেছে। ১০ নভেম্বর এফবিআই ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্য শাহরাম পৌরসাফিকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় যুক্ত করে। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনসহ সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একই দিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রায় ২০টি হামলা এবং হামলার প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে এমন একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রও ছিল বলে অভিযোগ। এর আগে ২৩ অক্টোবর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছিল, বিদেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েকটি ষড়যন্ত্র বাস্তবায়নের কাছাকাছি পর্যায়েও পৌঁছেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘতম মোতায়েন

১৩ নভেম্বর সান ডিয়েগোর নৌঘাঁটিতে ফিরে আসে ইউএসএস স্প্রুয়েন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর কোনো ডেস্ট্রয়ার এত দীর্ঘ সময় মোতায়েন থাকেনি। ২০২৫ সালের ২১ নভেম্বর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে সান ডিয়েগো ছেড়েছিল জাহাজটি। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র কারণে এর মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়।

মার্কিন নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, ৩৫৭ দিনের এই অভিযানে জাহাজটি ৮৮ হাজার নটিক্যাল মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ছাড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে থেকে ১২টি চালকহীন আকাশযান এবং চারটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

জাহাজটির কমান্ডার টেট বলেন, বিমান প্রতিরক্ষার বিকল্প কমান্ডার হিসেবে স্প্রুয়েন্স ক্যারিয়ার ও মার্কিন বাহিনীকে আসা হুমকি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ এই দায়িত্ব পালনকে তিনি ‘জীবনের সবচেয়ে বড় সম্মান’ বলে উল্লেখ করেন। শুক্রবার দেয়া এক বিবৃতিতে তিনি আরো বলেন, স্প্রুয়েন্সের নাবিকেরা নিজেদের পরিবার, জাহাজ ও মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন গৌরবের সাথে।

ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধেও অংশ নেয় স্প্রুয়েন্স। গত এপ্রিলে মার্কিন সতর্কবার্তা অমান্য করায় ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ তুস্কাকে আটকায় এটি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের ভাষ্য অনুযায়ী, জাহাজটির ইঞ্জিনকক্ষ খালি করার নির্দেশ দেয়ার পর গুলি চালিয়ে সেটিকে অকেজো হয়।

এদিকে, বিদেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলার হুমকি দিয়েছেন ইরানের কর্মকর্তারা। ১১ নভেম্বর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালালে ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিনকে তিনি বলেন, ‘আমেরিকানরা ভুল করে আমাদের ওপর হামলা চালালে আমরা শুধু কাছাকাছি ঘাঁটিগুলোতেই সীমাবদ্ধ থাকব না।’

তালেবলুর মতে, ইরানের দূতাবাসের সাম্প্রতিক হুমকি মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকিরই অংশ। তিনি ১৯৮৮ সালে মার্কিন বাহিনীর ভুলবশত ইরানের একটি বেসামরিক বিমান ভূপাতিত করার পর মার্কিন সামরিক কর্মকর্তাদের হুমকি দেয়ার ঘটনাও উল্লেখ করেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্রের ৪৭ বছরের ছায়াযুদ্ধে এ ধরনের ঘটনা নজিরবিহীন নয়। তবে এখন গোপন তৎপরতার পাশাপাশি প্রকাশ্য যুদ্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হুমকিও বাড়ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগন ও হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে ফক্স নিউজ ডিজিটাল।