ইসরাইল, ডেপুটি স্পিকার, আরব এমপি, তিবি, নেসেট,নেতানিয়াহু,আইজেনকোট,
আরব এমপি আহমাদ তিবি। আনদুলু

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অস্থায়ী ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন আরব এমপি আহমাদ তিবি। ক্ষমতাসীন জোটের এমপিদের বিরোধিতা সত্ত্বেও সোমবার এ নিয়োগ দেয়া হয়।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু সোমবার (১৬ নভেম্বর) এ খবর জানায়। ইসরাইল ন্যাশনাল নিউজের বরাত দিয়ে সংস্থাটি জানায়, নেসেটের ব্যবস্থাপনা কমিটি উত্তপ্ত বিতর্কের পর ১৩-৯ ভোটে নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকারের তালিকা অনুমোদন করে। বিরোধী দলের এমপিরা তালিকার পক্ষে ভোট দেন। ক্ষমতাসীন জোটের সদস্যরা ভোট দেন বিপক্ষে।

প্রার্থীদের আলাদা আলাদা ভোটে না তুলে একসাথে তালিকার ওপর ভোট নেয়া হয়। ফলে প্রস্তাবের বিরোধিতা করলেও লিকুদ ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর প্রতিনিধিরাও ডেপুটি স্পিকার হিসেবে অনুমোদন পান।

নয়জনের তালিকায় রয়েছেন এতান গিন্সবার্গ, আহমাদ তিবি, ইয়াইর ফিঙ্ক, ওয়ালিদ তাহা, লিমোর সন হার-মেলেখ, মাইকেল মালকিয়েলি, ওদেদ ফোরার, ইৎজাক পিন্দ্রুস ও বোয়াজ বিসমুথ। ভোটের আগে ক্ষমতাসীন জোটের এমপিরা তিবির নিয়োগে আপত্তি জানান।

তিবি আরব মুভমেন্ট ফর চেঞ্জ বা তাল-এর নেতৃত্ব দিচ্ছেন। ১৯৯৯ সাল থেকে তিনি নেসেটের সদস্য। এর আগেও তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

গত ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের পর নতুন ডেপুটি স্পিকারদের এই নিয়োগ দেয়া হলো। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পায়। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পায় ৪৮টি এবং আরব দলগুলো পায় ১৯টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই পায়নি। ফলে সরকার গঠনের চেষ্টায় আরব দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েছে।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। প্রয়োজনে এ জন্য তাকে আরো ১৪ দিন সময় দেয়া হতে পারে। আইজেনকোট ব্যর্থ হলে নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেয়া হতে পারে।