
সৌদি-সমর্থিত সরকারি নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর ওপর হাউছিরা চাপ বাড়ানোয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনী জানিয়েছে যে, তারা সরকারের বর্তমান কেন্দ্রস্থল এডেনের দিকে সেনাদের পুনর্বিন্যাস করছে।
সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত ইয়েমেনি বাহিনী রোববার (১৫ নভেম্বর) জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালী-সংলগ্ন এলাকা থেকে সরে আসছে, যার ফলে ইরান-সমর্থিত হাউছিদের হাতে ওই এলাকার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। বাব আল-মানদেব এলাকা থেকে সরকারি বাহিনীর এই পিছু হটা গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটির ওপর হাউছিদের প্রভাব আরো বাড়িয়ে দেবে।
আরব উপদ্বীপের অন্য প্রান্তে হরমুজ প্রণালীতে ইরান যখন নৌযান চলাচল ব্যাহত করে চলেছে, ঠিক সেই সময়ে এই ঘটনা বৈশ্বিক নৌপরিবহনের ওপর এক প্রবল চাপের সৃষ্টি করবে। এই দ্বিমুখী চাপ উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে তাদের প্রধান নৌপথগুলো থেকে আরো বিচ্ছিন্ন করে ফেলবে।
বাব আল-মানদেব প্রণালী বৈশ্বিক সমুদ্রপথে পণ্য ও রসদ পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রুট—বিশেষ করে মিসরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনী জানিয়েছে, রাজধানী সানা এবং দেশটির সবচেয়ে জনবহুল এলাকাগুলোসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হাউছিরা সরকারি নিয়ন্ত্রণে থাকা দক্ষিণাঞ্চলে চাপ বাড়ানোয় তারা সরকারের ঘাঁটি এডেনের দিকে সেনাদের পুনর্বিন্যাস করছে।
দক্ষিণাঞ্চলীয় বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সাউদার্ন আর্মড ফোর্সেস তাইজ গভর্নরেটের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মানদেব এলাকা থেকে তাদের সেনাদের পুনর্বিন্যাস অভিযান বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘রাজধানী এডেন এবং পাশের গভর্নরেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সম্মুখসারি শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকিগুলো মোকাবিলা করার অগ্রাধিকারের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
সূত্র: এনবিসি নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








