
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরও ইরানের কাছে এখনো এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি এই সংখ্যার সর্বনিম্ন সীমাটিও যুদ্ধের আগের মজুতের অর্ধেকেরও বেশি।
শনিবার (১৪ নভেম্বর) মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের কাছে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে, তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা কঠিন। তবে এটি স্পষ্ট যে, বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা তাদের এখনো রয়েছে।
কর্মকর্তারা আরো জানান, ইরান তাদের সামরিক সক্ষমতার বড় অংশ পুনরুদ্ধার করে ফেলেছে। এমন পরিস্থিতিতে ইসরাইলের সাথে মিলে আরো হামলা চালানো হবে কি না—সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব পড়েছে।
কিংস কলেজ লন্ডনের ‘ডিপার্টমেন্ট অব ওয়ার স্টাডিজ’-এর রিসার্চ ফেলো এবং মধ্যপ্রাচ্য বিষয়ক সিআইএ-এর সাবেক বিশ্লেষক জিম ল্যামসন বলেন, যুদ্ধের আগেও ইরানের সামরিক সক্ষমতার সঠিক পরিমাপ করা ছিল একটি জটিল বিষয়।
তিনি আরো বলেন, ‘সরকারের হয়ে এই ধরনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি যে, সব গোপন তথ্য হাতে থাকা সত্ত্বেও কোনো বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত কঠিন হতে পারে।’
প্রতি মাসে প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম ইরান
গত সপ্তাহে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক যুদ্ধে শিল্প সক্ষমতার ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান প্রতি মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম।
জিম ল্যামসন ব্লুমবার্গকে বলেন, ‘তাদের (ইরানের) অস্ত্রভাণ্ডারে হয়তো এখনো হাজার হাজার ‘শাহেদ’ ধরনের আক্রমণাত্মক অস্ত্র মজুত রয়েছে।’
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








