
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কেবল এ ধরনের সরকারই ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, বৃহস্পতিবার আইজেনকোটের সাথে তার বৈঠকটি এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে যে, একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা অপরিহার্য।
তিনি বলেন, এমন একটি ‘সরকার ইরানি হুমকি চিরতরে নির্মূল করতে’ পারবে।
নেতানিয়াহু দাবি করেন, ‘তেহরান আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।’
তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা এক কক্ষে বসি।’
তবে কয়েক মিনিটের মধ্যেই আইজেনকোট এই আহ্বানকে একটি কৌশল বা চাল হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু ভালোভাবেই জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন।’
আইজেনকোট আরো বলেন, ‘নেতানিয়াহু এমন সময়ে আলোচনার ডাক দিচ্ছেন, যখন আলোচনা ইতোমধ্যেই চলছে। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।’
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনবিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেয়েছে, আইজেনকোটের চার-দলীয় জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব-নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন জয় করেছে।
এরপর থেকেই জোট সরকার গড়তে তৎপরতা চালাচ্ছে দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর নতুন জোট সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজন হলে সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হবে।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








