কেশম দ্বীপ, আকাশ, যুক্তরাষ্ট্র, এমকিউ-১,ড্রোন,ভূপাতিত,  ইরান, এমকিউ-৯
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বিমান বিধ্বংসী অস্ত্র । সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। 

Advertisement

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৭টি এমকিউ-১ ও ৫৬টি এমকিউ-৯ ড্রোনসহ মোট ৭৩টি চালকবিহীন আকাশযান ভূপাতিত করার দাবি করল আইআরজিসি। শনিবার (১৪ নভেম্বর) ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি ও আল জাজিরা এ খবর জানায়।

আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমকিউ-১ পরিবারের একটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন। আইআরজিসি বলেছে, ড্রোনটি ভূপাতিত করার মধ্য দিয়ে শত্রুপক্ষের গোয়েন্দা অভিযান আবারো ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ নিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হাতে যুক্তরাষ্ট্রের ১৭টি এমকিউ-১ ড্রোন ধ্বংস হলো। একই সাথে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫৬টি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

তবে একই দিনে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার সংখ্যা ৫৪ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান ৫৪টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। দুটি প্রতিবেদনে এই সংখ্যার পার্থক্যের কারণ স্পষ্ট করা হয়নি।

এমকিউ-১ প্রিডেটর মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম দূরনিয়ন্ত্রিত চালকহীন বিমান। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকস প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। মূলত মার্কিন বিমানবাহিনী এ ড্রোন পরিচালনা করে। পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও নজরদারির কাজে ড্রোনটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের কয়েক ডজন উড়োজাহাজ ভূপাতিত করেছে। এর মধ্যে চালকবিহীন ড্রোনের পাশাপাশি চালকসহ যুদ্ধবিমানও রয়েছে।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স আরো জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানের হাতে আটক হওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেগুলো খুলে বিশ্লেষণ করে নতুন অস্ত্রের নকশা তৈরির কাজও চলছে। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর বিষয়ে মার্কিন কর্মকর্তা ও ইসরাইলি শাসকগোষ্ঠীর বারবার হুমকির মধ্যে এ অঞ্চলে উত্তেজনা আরো বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।