
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীতে কয়েকটি দেশের সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বিভ্রান্তিকর কোনো অজুহাতই যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক সন্ত্রাসে সহযোগিতার বিষয়টিকে আড়াল করতে পারে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ইসমাইল বাঘাই একটি কোরীয় প্রবাদ উদ্ধৃত করে লেখেন, ‘যে চড়ুই সারসের সাথে উড়তে চায়, তার পা ভেঙে যাবে।’
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক সন্ত্রাসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ- যেমন নৌবাহিনীর ইউনিট, সহায়ক সরঞ্জাম বা সমর্থনকারী বাহিনী মোতায়েন- একটি অবৈধ ও শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও অর্থনৈতিক সন্ত্রাসে অংশগ্রহণের শামিল।
বাঘাইয়ের মতে, এ ধরনের পদক্ষেপ জাতিসঙ্ঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার পরিপন্থী এবং জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাব অনুযায়ী আগ্রাসনমূলক কর্মকাণ্ড হিসেবে গণ্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নৌচলাচলের সুরক্ষা’ কিংবা ‘জলদস্যুতা প্রতিরোধের’ মতো বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করলেও এ ধরনের কর্মকাণ্ডের অবৈধ ও শত্রুতামূলক চরিত্র পরিবর্তিত হবে না।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের বার্তা স্পষ্ট : যুক্তরাষ্ট্রের সাথে কোনো দ্বিপক্ষীয় চুক্তিই কোনো রাষ্ট্রকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন কিংবা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশগ্রহণের অনুমতি দেয় না।
বাঘাই সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো অবৈধ ও আগ্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে এর দায়ভার এবং পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








