হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। সংগৃহীত ছবি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছে, হরমুজ প্রণালীতে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুর্ঘটনায় চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দু’টি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।

Advertisement

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেহরান কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ইরানের অনুমোদিত পথ ব্যবহার করেই জাহাজগুলোকে চলাচল করতে বলা হয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে দু’টি ট্যাঙ্কার নিয়ম লঙ্ঘন করে। বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে তারা প্রণালীর অনুমোদনহীন ও বিপজ্জনক দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।’

তবে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ‘প্রচণ্ড বিস্ফোরণের’ আঘাতে ট্যাঙ্কার দু’টি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

বিবৃতিতে আরো বলা হয়, এই দু’টি সুপারট্যাঙ্কারে মোট চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল ছিল। এখন সেগুলোতে আগুন জ্বলছে। 

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জাহাজে আগুন লাগার একাধিক খবর দিয়েছে ইরানি বাহিনী।

তেহরান প্রায়ই এসব ঘটনায় মাইন বিস্ফোরণকে দায়ী করেছে। তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

সূত্র : বাসস