গাজার নাসের হাসপাতাল
গাজার নাসের হাসপাতাল । সংগৃহীত ছবি

গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।

Advertisement

হামাসের নিয়ন্ত্রণাধীন উদ্ধারকারী সংস্থা গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, চিকিৎসাকেন্দ্রটির একটি ভবন থেকে নিহতদের লাশ এবং হামলায় আহত ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, ‘গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।’

নাসের হাসপাতাল কর্তৃপক্ষও এক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাইলে ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য যাচাই করছেন।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস পরস্পরকে দায়ী করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে দুই বছর ধরে চলা যুদ্ধের সূচনা হয়।

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ সাতজন নিহত হন বলে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘সামরিক তৎপরতায় জড়িত ব্যক্তিদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর খবর জানিয়েছে।

সূত্র : বাসস