
তেহরান সতর্ক করে দিয়েছে, তাদের ওপর হামলা হলে তারা এই যুদ্ধকে এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে দেবে। ইসরাইল ইরানে সম্ভাব্য হামলার জন্য তাদের সামরিক বাহিনীকে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেয়ার খবর প্রকাশের প্রেক্ষাপটে ইরান এই হুঁশিয়ারি দিলো।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে হামলার প্রস্তুতি বাড়ানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান‘ জানিয়েছে, ‘নিরাপত্তা মন্ত্রিসভা ইসরাইলি সামরিক বাহিনীকে যে নির্দেশনা দিয়েছে, তা এমন সব কর্মকাণ্ডের দিকে নিয়ে যেতে পারে যা একটি যুদ্ধের সূচনা করতে পারে।’
কান আরো জানায়, ‘ইসরাইলের বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোট এক বিবৃতিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত “কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া” সামরিক বাহিনী মোতায়েন না করার আহবান জানানোর পর এই নির্দেশনাগুলো প্রকাশ্যে আসে।’
গত অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, গত সপ্তাহান্তে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের সুযোগ দেন।
বিরোধীরা সরকার গঠনে সফল হলে ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে থাকা নেতানিয়াহু অনড় অবস্থান নিয়ে বলে আসছেন যে তেহরানে সরকারের পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চলবে।
‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত’
আরো সংঘাত এড়াতে এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে তীব্র কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ইরানে ইসরাইলের হামলার প্রস্তুতির এই খবর সামনে এলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে কাতারের দেয়া কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে তিনি আবারো যুদ্ধে ফিরতে প্রস্তুত রয়েছেন।’
ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এই আগ্রাসনে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার আতাস জানান, ‘ইরানের শীর্ষ নেতৃত্ব কট্টরপন্থী হিসেবে পরিচিত রেজাইকে দেশটির নতুন প্রধান আলোচক হিসেবে নিয়োগ দেয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করছে।’
আতাস বলেন, ‘তেহরানে এমন মতো শোনা যাচ্ছে যে এই অচলাবস্থা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তবে ইরান বসে থাকবে না এবং আগাম (প্রি-এম্পটিভ) পদক্ষেপ নিতে পারে।’
তিনি আরো জানান, ‘বর্তমান প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে আলোচনা ব্যর্থ হলে ‘টেকসই প্রতিরোধ ক্ষমতার (সাসটেইনেবল ডিটারেন্স)‘ মাধ্যমে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়‘—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।’
গতকাল প্রকাশিত আল জাজিরাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালী ‘কখনোই‘ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না এবং ‘বল এখন আমেরিকার কোর্টে।’
তিনি বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
‘বিজয় ঘোষণার অবস্থানে থাকা’
ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার অ্যালান ফিশার জানান, ট্রাম্প এখনো ইরানের সাথে যুদ্ধে জড়ানোর যৌক্তিকতা তুলে ধরছেন এবং বলছেন যে এটি শিগগিরই শেষ হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের অভিযান এতটাই কার্যকর প্রমাণিত হচ্ছে যে বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার কোনো প্রয়োজন নেই।’
ফিশার বলেন, ‘গত কয়েক দিনে প্রেসিডেন্ট এবং মার্কো রুবিও উভয়েই মূলত বলেছেন যে বড় ধরনের সামরিক সংঘাত শেষ হয়েছে। ইরান কোনো চূড়ান্ত সীমা (রেড লাইন) অতিক্রম না করলে তারা এটি পুনরায় শুরু করার প্রয়োজন দেখছেন না।’
তিনি আরো যোগ করেন, ‘এই হোয়াইট হাউসের জন্য মূল বিষয়টি হলো সবসময় এমন একটি অবস্থানে থাকা, যেখান থেকে ট্রাম্প বিজয় ঘোষণা করতে পারেন।’
তিনি বলেন, ‘তবে এটি স্পষ্ট যে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে পর্দার আড়ালে কিছু তৎপরতা চলছে।’
শান্তির এই প্রচেষ্টা সত্ত্বেও, মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রাখতে এবং ইরানের বিরুদ্ধে ‘লৌহকঠিন‘ নৌ-অবরোধ কঠোরভাবে কার্যকর করতে মার্কিন বাহিনী ‘দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এদিকে, তেহরান তাদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে স্থানান্তর করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বুধবার জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ১.২৭ ডলার বা ১.৩৯ শতাংশ বেড়ে ৯২.৭৬ ডলারে স্থির হয়েছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের সেশনে মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আরো সামরিক হামলার প্রয়োজনীয়তা নাকচ করে দেয়ার পর তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারেরও বেশি কমে গিয়েছিল।
পরে ইরানের একজন কর্মকর্তা দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা চলছে না বলে জানালে তেলের দামের সেই পতন কিছুটা কাটিয়ে ওঠে। সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








