বিনা অভিযোগ, বন্দি, গাজা,  চিকিৎসক, মুক্তির আবেদন, নাকচ করল, ইসরাইলি আদালত, আবু সাফিয়া,
ইসরাইলি কারাগার। আনদুলু

গাজা উপত্যকার ১৪ ফিলিস্তিনি চিকিৎসককে বিনা অভিযোগে ও বিচার ছাড়াই ইসরাইলের কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের মুক্তির আবেদন খারিজ করে দিয়েছেন ইসরাইলের আদালত। শুধু তা-ই নয়, গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর আবেদনও নাকচ করা হয়েছে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১১ নভেম্বর) জানায়, ইসরাইলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, গাজা থেকে আটক ফিলিস্তিনি চিকিৎসকদের বিষয়ে করা দুটি আবেদন খারিজ হয়েছে। সুপ্রিম কোর্ট হাসপাতাল পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪ জনকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। লড জেলা আদালতও আবু সাফিয়াকে স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানো এবং দ্বিতীয় চিকিৎসকের মতামত নেয়ার আবেদন প্রত্যাখ্যান করেছেন।

সংগঠনটির ভাষ্য, চিকিৎসকদের কারো কারো দুই বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি, আদালতে বিচারের মুখোমুখিও করা হয়নি। এমন সময় গাজার স্বাস্থ্যব্যবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সঙ্কটে ভুগছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক হামলায় স্বাস্থ্য খাত কার্যত ধ্বংস হয়ে গেছে। উপত্যকার সামগ্রিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের সময় আটক হন আবু সাফিয়া। ‘বেআইনি যোদ্ধা আইন’-এর আওতায় তাকে আটকে রাখা হয়েছে। এই আইনে গোয়েন্দা তথ্য ও গোপন নথির ভিত্তিতে দীর্ঘ সময় কাউকে আটক রাখার সুযোগ রয়েছে।


ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৯ হাজার ৩৫০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩৫০ শিশু ও ৯০ নারী। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসায় অবহেলার ঘটনা ঘটছে। ইসরাইলি হেফাজতে কয়েক ডজন ফিলিস্তিনি বন্দির মৃত্যুও হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন আরও বেড়েছে। একই সময়ে গাজায় ইসরাইলের গণহত্যামূলক হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।